
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অতীতের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন:
শনিবার (২৮ মার্চ) বিকেলে চাষাড়া ডাকবাংলো-এ জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কীভাবে সংবিধানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এখনো একই প্রবণতা দেখা যাচ্ছে। জনগণ যদি দেখে তাদের অধিকার খর্ব হচ্ছে, তাহলে তারা নিশ্চয়ই রাজপথে নামবে।”
নারায়ণগঞ্জে দলের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জ ভবিষ্যতে শক্ত ঘাঁটি হবে—এটা বলার সময় পেরিয়ে গেছে। এটি ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।”
আরও পড়ুন:
সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের অবদানই এই অবস্থান তৈরি করেছে।
এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর ভূয়সী প্রশংসা করেন এবং তাকে দলের গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবে উল্লেখ করেন।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদার ও মাফিয়া চক্র।”
তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এসব গোষ্ঠী পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
আরও পড়ুন:
বর্তমান রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের জন্য পুনর্গঠন করা—যাতে জনগণ সরাসরি উপকৃত হয়।”
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি হতে দেওয়া হবে না। এসব অপতৎপরতার বিরুদ্ধে এনসিপি সবচেয়ে কঠোর অবস্থানে থাকবে।”
সভায় আরও বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের আহমেদ, মহানগরের আহ্বায়ক শওকত আলীসহ অন্যান্য নেতারা।






