
রাজধানীর খিলগাঁওয়ের ইনডিপেনডেন্ট স্কুলে আজ প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির মান উন্নয়নে ‘নিউট্রিবিপস’ (Nutribips) নামক একটি বিশেষ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘নিউট্রিশন ফর চেঞ্জ’ (Nutrition For Change)-এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল খুদে শিক্ষার্থীদের মাঝে সঠিক উপায়ে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুষ্টিকর খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা।
অনুষ্ঠানের শুরুতেই শিশুদের খেলার ছলে এবং গল্পের মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়। কীভাবে সঠিক নিয়মে অন্তত ২০ সেকেন্ড সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হয় এবং দিনে দুইবার দাঁত পরিষ্কার (Tooth Clean) করতে হয়, তা ডেমো ও ছবির মাধ্যমে শিক্ষার্থীদের প্র্যাক্টিক্যালি শিখিয়ে দেন সংস্থার সদস্যরা।
এরপর শিশুদের অংশগ্রহণ বাড়াতে এবং শেখা বিষয়গুলো যাচাই করতে একটি প্রাণবন্ত ‘নিউট্রিবিপস স্পেশাল কুইজ’ সেশনের আয়োজন করা হয়। স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ক সহজ সব প্রশ্নের উত্তর দিয়ে শিশুরা মেতে ওঠে উৎসবে। সঠিক উত্তরদাতাদের মাঝে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শিক্ষাসামগ্রী ও হাইজিন কিট পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। কুইজ শেষে সব শিশু নিজ হাতে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবহারিক অনুশীলনে অংশ নেয়।
ক্যাম্পেইনের সমাপনী অংশে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ও সুস্বাদু হাতে তৈরি বিশেষ খাবার ‘নাটিকো’ (Nuttiko) বিতরণ করা হয়। বিভিন্ন ধরনের বাদাম ও ড্রাই ফ্রুটসের মিশ্রণে তৈরি এই প্রিমিয়াম স্ন্যাক্সটি শিশুদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি তাদেরকে বাইরের অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড পরিহার করে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খেতে উদ্বুদ্ধ করেছে।
আয়োজক সংস্থা ‘নিউট্রিশন ফর চেঞ্জ’-এর প্রতিনিধিরা জানান, “একটি সুস্থ জাতি গঠনে শিশুদের শৈশব থেকেই স্বাস্থ্যবিধি ও সঠিক পুষ্টির ব্যাপারে সচেতন করা জরুরি। ইনডিপেনডেন্ট স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছে। আগামীতে দেশের আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।”
মাদিহা ইসলাম’এর নেতৃত্বে ও রামিযাহ্ তাসনিম, ফাহমিদা ফিমা এর সহযোগিতার এই ক্যাম্পেইনটি আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নিউট্রিশন ফর চেঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসা মেহজাবীন ও অপারেশন ম্যানেজার মোঃ সাফফাত হোসেন।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং নিউট্রিশন ফর চেঞ্জ-এর ভলান্টিয়ারদের যৌথ অংশগ্রহণে একটি ফটোসেশনের মাধ্যমে সফল এই ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।








