
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়েছেন, তবে বাকি যাত্রীদের এখনও হদিস মেলেনি। হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
৩ নম্বর পল্টুন থেকে ফেরিতে ওঠার চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ডুবুরি দলও মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো যাত্রীর লাশ উদ্ধারের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এমনিতেই যানবাহনের চাপ থাকে। এ দুর্ঘটনায় ঘাট এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বাসটি ফেরির র্যাম্পে ওঠার সময় হঠাৎ পিছলে পড়ে যায়। নদীর স্রোত তীব্র থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন:
বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তথ্য ও হতাহতের সংখ্যা পরে জানানো হবে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় পদ্মা নদীতে ফেরি চলাচলে সাময়িক প্রভাব পড়তে পারে।
(আপডেট: উদ্ধার কাজ চলছে। আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।)








