
ভোলা পৌরসভা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। এ ঘটনায় দলটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
আরও পড়ুন:
বিবৃতিতে অভিযোগ করা হয়, গ্রেফতারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। এ ধরনের কারণ দেখিয়ে গভীর রাতে একজন নারীকে গ্রেফতার করা অমানবিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন হেলাল।
তিনি আরও বলেন, বিবি সাওদার তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার পরিচর্যার জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় তাকে গ্রেফতার করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।
আরও পড়ুন:
অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ এবং এটি দেশে প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।








