
ঢাকা: ‘১/১১’ সময়কালের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন:
সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে অন্তত চার থেকে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাগুলোতে হত্যা, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে আদালতে তোলা হবে।
আরও পড়ুন:
কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (১/১১) সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন এবং পরে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।
অবসরের পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ২০১৮ সালের নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি ব্যবসায় যুক্ত ছিলেন।
আরও পড়ুন:
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘১/১১’ সময়কালের ঘটনাবলির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
(তথ্যসূত্র: বিভিন্ন গণমাধ্যম)






