
ঢাকার আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী) হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গতকাল রোববার (৮ মার্চ) সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে বাংলাদেশের কয়েকজন অপরাধী অবৈধভাবে ভারতে প্রবেশ করে বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করে আছে। গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে এক বিশেষ অভিযানে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা ওসমান হাদী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
আরও পড়ুন:
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদীকে গুলি করার পর আসামিরা পালিয়ে যান। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গোয়েন্দা তথ্যানুযায়ী, তারা ভারতের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করার পর পুনরায় বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই বনগাঁ থেকে তারা ধরা পড়েন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগরে মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা ওসমান হাদীকে লক্ষ্য করে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের আজ ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বা বিশেষ কূটনৈতিক প্রক্রিয়ায় দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো।






