
দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকার নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে। প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সন্ধ্যা ৭টার পর সকল ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের আলোকসজ্জা বন্ধ রাখা হয়।
আরও পড়ুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান জ্বালানি সংকট এবং বিদ্যুৎ উৎপাদনে চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিয়ন্ত্রণের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।
নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র জরুরি সেবা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিংমল, পার্ক, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন মেলা আয়োজকদের কঠোরভাবে এই নির্দেশনা মানতে হবে।
আরও পড়ুন:
এছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ বাস্তবায়নে নিয়মিত তদারকি করতে বলা হয়েছে। কোথাও নির্দেশনা অমান্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি ঘাটতির কারণে পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী।
আরও পড়ুন:
সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে লোডশেডিং কমবে এবং শিল্প ও জরুরি খাতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে।






