
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে থাকা কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
শনিবার (৪ এপ্রিল) সকালে কলমাকান্দা উপজেলা-এর মুক্তি প্রি-ক্যাডেট স্কুল আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে এই সহায়তার ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার স্কুলটিতে উপস্থিত হলে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
আরও পড়ুন:
তবে সাম্প্রতিক তীব্র গরমে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে করে ছোট শিশুদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল এবং শ্রেণিকক্ষে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিল।
এ পরিস্থিতিতে অভিভাবকরা ডেপুটি স্পিকারের কাছে একটি আইপিএস কেনার দাবি জানান। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি সঙ্গে সঙ্গেই এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেন, যা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এই অনুদানের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।








