
নিজস্ব প্রতিবেদন || আন্তর্জাতিক ডেস্ক, ০৪ মার্চ ২০২৬
লেবাননের মাউন্ট লেবানন এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সবশেষ খবরে জানা গেছে, আরামুন এবং সাদিয়া অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল মায়াদিন এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আরামুন এবং সাদিয়া এলাকার আবাসিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলাটিতে বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতি গ্রস্থ হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। লেবাননের প্রধানমন্ত্রী এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।








