
ইসরায়েলের উত্তরাঞ্চল ছাড়ার হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ: ৫ কিলোমিটার এলাকা খালি করার নির্দেশ।
লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার পারদ এবার সরাসরি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গত কয়েক ঘণ্টায় হিজবুল্লাহর একটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় প্রকাশিত এক সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ কিলোমিটার গভীরে যাওয়ার নির্দেশ, হিজবুল্লাহর পক্ষ থেকে জারি করা ওই সতর্কবার্তায় লেবানন সীমান্তের কাছে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা যেন সীমান্ত থেকে অন্তত ৫ কিলোমিটার ভেতর পর্যন্ত এলাকা দ্রুত খালি করে দেন। হিব্রু ভাষায় সরাসরি এই বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভীতি তৈরি করা এবং যুদ্ধের সম্ভাব্য প্রসারের ইঙ্গিত দেওয়া।
প্রথমবারের মতো হিজবুল্লাহ সরাসরি হিব্রু ভাষা ব্যবহার করে সাধারণ ইসরায়েলিদের এলাকা ছাড়ার নির্দেশ দিল।
উত্তর ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে এই বার্তার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক এলাকা থেকে ইতোমধ্যে মানুষ সরে যেতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানের পাশাপাশি হিজবুল্লাহ এখন ‘সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার’ বা মনস্তাত্ত্বিক যুদ্ধে গুরুত্ব দিচ্ছে।
“সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের জীবন রক্ষার্থে অবিলম্বে ৫ কিলোমিটার ভেতরে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।” — হিজবুল্লাহর টেলিগ্রাম বার্তা।
এই বার্তার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি উত্তর ইসরায়েলের অনেক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। হিজবুল্লাহর এই হুমকি বড় ধরনের কোনো সামরিক অভিযানের পূর্বলক্ষণ কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই হুমকির কোনো কড়া জবাব দেওয়া না হলেও, উত্তরাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে।








