
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে উত্তেজনাকর পরিবেশের মধ্যে সংসদ কক্ষ ত্যাগ করেছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বিকেল সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই ওয়াকআউট হয়।
আরও পড়ুন:
সংসদ অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বিরোধী দলের এমপিরা একযোগে সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে যান। বিরোধী দলের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট অনুসারে ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ‘মিসকোড’ (ভুল উদ্ধৃতি) করার কারণে এই প্রতিবাদ।
এটি চলতি অধিবেশনে জামায়াত-এনসিপি জোটের দ্বিতীয় ওয়াকআউট। এর আগে গত ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময়ও তারা প্রতিবাদস্বরূপ সংসদ ত্যাগ করেন।
আরও পড়ুন:
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য বর্তমান সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করলেও জামায়াত-এনসিপি জোট জুলাই অভ্যুত্থানের দাবি-দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে।
ওয়াকআউটের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী পরে সংসদে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
বিরোধী দলের এই পদক্ষেপকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদসহ বিভিন্ন দাবি নিয়ে বিরোধী দল ও সরকারের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে।






