
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং সাংবিধানিক সংস্কারের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে জোটের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে শুধু সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে, যা জনগণের সঙ্গে অপমান এবং রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।”
আরও পড়ুন:
জোট সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় অনুসারে জুলাই সনদের ৪৮টি সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। সংসদে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব মূলতবি করায় আশানুরূপ সাড়া না পেয়ে তারা এখন রাজপথে নেমেছে। বৈঠকে জোট নেতারা আরও সিদ্ধান্ত নিয়েছেন যে, রাজপথের আন্দোলন ছাড়া বিকল্প নেই। জনমত গঠনে লিফলেট বিতরণসহ ব্যাপক কর্মসূচি চালানো হবে। আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতৃবৃন্দের আরেকটি বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন:
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জনগণ যে রায় দিয়েছে, আমরা আবার তাদের কাছেই ফিরে যাব। গণভোটের এ দাবি পূরণে জনগণের সঙ্গে নিয়ে কর্মসূচি গ্রহণ করব।”
এদিকে, কর্মসূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জোট নেতারা আশা করছেন, সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
আপডেট: সমাবেশ শুরুর আগে আরও তথ্য জানতে আমাদের সাইটে চোখ রাখুন।






